সোমবার ফুলগাজীতে আওয়ামী লীগের হরতাল
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরামের খুনিদের গ্রেপ্তার দাবিতে সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম দলীয় কার্যালয়ে হরতালসহ ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, শনিবার ফেনী জেলায় শোকসভা, রোববার ফুলগাজীতে গণস্বাক্ষর, মঙ্গলবার শিক্ষক সমিতির মানববন্ধন ও বুধবার একই স্থানে শিক্ষার্থীদের মানববন্ধন।
এদিকে এ হত্যার ঘটনায় সাংসদ নিজাম হাজারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ফুলগাজীতে ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একরামের সমর্থকরা। বেলা ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
৩ আসামির স্বীকারোক্তি
একরাম হত্যা মামলায় আটক তিন আসামি হেলাল, অনিক ও শানান বৃহস্পতিবার হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুপুরে হত্যা মামলার রিমান্ডে থাকা তিন আসামিকে জেলার বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।
“তারা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।”
এছাড়া হত্যার ঘটনায় ফেনীতে পুলিশের হাতে আটক জিয়াউল হক বাপ্পির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশ বাপ্পিকে বিকেলে একই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক খাইরুল আমিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে বুধবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে গ্রেপ্তার একরামের সহযোগেী বেলাল হোসেন পাটোয়ারীকে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী মডেল থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই আলমগীর হোসেন।
বেলাল ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আনন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক।
একরাম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২১ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।
পরিবারের নিরাপত্তা চাইলেন মিনারের স্ত্রী
একরাম হত্যা মামলার এজহারভুক্ত একমাত্র আটক আসামি জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের স্ত্রী মাহবুবা হাসনাত নাহরিন চৌধুরী তার পরিবারের নিরাপত্তা ও সাংসদ নিজাম হাজারীর গ্রেপ্তার দাবি করেছেন।
দুপুরে এক সংবাদ সম্মেলনে মিনার চৌধুরীর স্ত্রী লিখিত বক্তব্যে একরাম হত্যায় তার স্বামী জড়িত নন বলে দাবি করেন।
তিনি বলেন, “একরাম হত্যার পরিকল্পনাকারী ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী। আর নিজাম হাজারীর বুদ্ধিদাতা জাহাঙ্গির কবির আদেল ও হত্যা বাস্তবায়নকারী জিয়াউল আলম মিষ্টার নিজাম হাজারীর বাড়িতেই আছেন।”
তিনি অসুস্থ মিনার চৌধুরীকে রিমান্ডে নেয়াকে বেআইনি বলে তার সুষ্ঠ চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মিনার চৌধুরীর দুই মেয়ে নাদিয়া নাতাশা আহম্মদ চৌধুরী ও মারজিয়া বিনতে মাহাতাব চৌধুরী নিজেদের জীবন ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওইদিন রাতে নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।
