টর্নেডোয় নীলফামারীর ক্ষতিগ্রস্তরা সহায়তা পেলেন
টর্নেডোতে ক্ষতিগ্রস্ত নীলফামারী সদর ও কিশোরীগঞ্জ উপজেলার পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে ত্রাণ ও পূণর্বাসন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার সদর উপজেলার দুটি ইউনিয়নের ১৫৬টি ও কিশোরীগঞ্জে উপজেলার তিনটি ইউনিয়নের ২১০টি পরিবারের মাঝে চাল, আলু, চিড়া ও গুড়সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল মোতালেব মোল্লা জানান, চাপড়া সরমজানী ও পঞ্চপুকুর ইউনিয়নের ১৫৬টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে।
এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে এসব পরিবারকে চিড়া, গুড় ও খেজুর দেয়া হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য শওকত চৌধুরীর পক্ষ থেকে প্রতি পরিবারকে চার কেজি চাল, ২ কেজি আলুসহ ২৫০ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার দুপুরে টর্নেডোর আঘাতে সদর উপজেলার পঞ্চপুকুর ও চাপড়া সরমজানী এবং কিশোরীগঞ্জ উপজেলার নিতাই, বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নের প্রায় চারশ’ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উপড়ে পড়ে অনেক গাছপালা।
