দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
সোমবার রাতে তারা আটক হলেও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করে।
আটকরা হলেন ওবাইদুর রহমান (২৭) ও হোসেন আলী (২৫)। ওবাইদুর সাপাহারের কলমুডাঙ্গা গ্রামের এরশাদ আলীর ছেলে এবং হোসেন আলী একই খড়িবোনা গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
বিজিবি ৪৬ কলমুডাঙ্গা ক্যাম্প কমান্ডার আবু সুফিয়ান জানান, তাদেরকে আটককের পর ভারতের হরিপুর থানায় দিয়েছে বিএসএফ।
বুধবার দুজনকেই মালদহ জেলা আদালতে পাঠিয়েছে হরিপুর থানা পুলিশ, বলেন তিনি ।
তাদের অভিভাবকরা বিষয়টি জানালে আটক যুবকদের ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। মঙ্গলবার বিএসএফের সঙ্গে এ ব্যাপারে একটি পতাকা বৈঠকে বসে বিজিবি।
পতাকা বৈঠকে তাদের আটকের কথা নিশ্চিত করে বিএসএফ, বলেন বিজিবি কর্মকর্তা।
