বরিশালে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারকে অব্যাহতি
বরিশাল-৫ আসনে (সদর) উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
একইসঙ্গে বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলমকে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা বুধবার বরিশাল জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহানও নির্বাচন কমিশনের নির্দেশের সত্যতা স্বীকার করেছেন।
তবে কী কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে তা ফ্যাক্স বার্তায় উল্লেখ নেই বলে জানান শাজাহান।
গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজকে।
তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনএফ প্রার্থী সাইফুল ইসলাম লিটন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ মোয়াজ্জেম হোসাইন মনোনয়নপত্র জমা দিলেও তার সমর্থনে ১ শতাংশ ভোটের তথ্যে গরমিল থাকার অভিযোগে মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়।
