২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ে: ৬৩ বছরের বর, কনের বাবা শ্রীঘরে

দিনাজপুরের কাহারোল উপজেলায় কিশোরীকে বিয়ে করতে গিয়ে কারাগারে ঠাঁই হয়েছে ৬৩ বছরের এক বৃদ্ধের।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

একই ঘটনায় ওই কিশোরীর বাবাকেও কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দণ্ডিত বর রমনীকান্ত রায় ও কনের বাবা রাজকুমারকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কাহারোল থানার পরিদর্শক মহন্ত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের তারাপুর গ্রামের ৬৩ বছরের বৃদ্ধ রমনীকান্ত রায় একই উপজেলার রসুলপুর ইউনিয়নের বাহারপুর গ্রামের রাজকুমার রায়ের ১৫ বছরের মেয়েকে বিয়ে করতে আসেন।

এলাকাবাসী বিষয়টি কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি পুলিশসহ উপস্থিত হয়ে বর রমনীকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেন।

একই সময়ে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়েটির বাবা রাজকুমারকেও ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়।