২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণার মামলায় চট্টগ্রামে ব্যবসায়ীর সাজা

চেক প্রতারণার একটি মামলায় চট্ট্রগামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 07:52 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলাম বাকলিয়ার কামাল এন্টারপ্রাইজের মালিক মো. কামাল উদ্দিনকে (৪৫) এ সাজা দেন।

আসামি কামালকে এক কোটি টাকা জরিমানার পাশাপাশি পাওনা চার কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৪৭২ টাকাও পরিশোধ করতে হবে।

বাদিপক্ষের আইনজীবী মো. হেলাল বিন মঞ্জুর তামিম জানান, কামাল উদ্দিন চাক্তাইয়ের গুডলাক ফ্লাওয়ার মিলের মালিক নুর মোহাম্মদ সওদাগরকে তার পাওনা চার কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৪৭২ টাকার বিপরীতে ব্যাংক এশিয়া খাতুনগঞ্জ শাখার দুটি চেক দেন।

কিন্তু চেকগুলো প্রত্যাখ্যাত হওয়ায় ব্যবসায়ী নুর মোহাম্মদ ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর মামলা করেন।

অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত কামাল উদ্দিনকে সাজা দেয় বলে জানান আইনজীবী তামিম।

যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্যবসায়ী কামাল উদ্দিনকে গত ২৯ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।