ভর্তি পরীক্ষা নিতে পারবে নটর ডেম
ভর্তি পরীক্ষার মাধ্যমে এইচএসসির শিক্ষার্থী বাছাই করতে পারবে নটর ডেম কলেজ।
বুধবার হাই কোর্টের বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির বিধান করে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন নটর ডেম কলেজের ক্ষেত্রে স্থগিত করে, যাতে তাদের জন্য এ সুযোগ তৈরি হয়।
নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমান্ত রোজারিওর দায়ের করা রিটের শুনানি করে এই আদেশ দেয় আদালত।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মঈন গণি।
পরে মঈন গণি সাংবাদিকদের বলেন, “২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ৩, ৪ ও ৯ নম্বর ধারা চ্যালেঞ্জ করেছি।
“আদালত ওই তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। পাশাপাশি নটর ডেম কলেজের ক্ষেত্রে ওই তিন ধারার কার্যকারিতা স্থগিত করে দিয়েছে।”
শিক্ষা সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই আদেশের ফলে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ভর্তি পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবী মঈন গণি।
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালার তিন নম্বর ধারায় ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের কলেজসমূহে ৯০ ভাগ আসন সবার জন্য উন্মুক্ত রেখে ফলের ভিত্তিতে ভর্তির বিধান করা হয়।
তবে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ ভাগ আসন সবার জন্য উন্মুক্ত রেখে ১০ ভাগ কলেজের নিজস্ব পদ্ধতিতে ভর্তির সুযোগ রাখা হয়।
বাকী ১০ ভাগ আসন কোটার ৩ ভাগ সংশ্লিষ্ট শহরের বাইরের শিক্ষার্থীদের জন্য, ৫ ভাগ মুক্তিযোদ্ধা কোটা এবং বাকী দুইভাগ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধঃস্তন দপ্তর এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনা পরিষদের সদস্যদের সন্তানদের জন্য রাখার বিধান করা হয়।
৫০০ এর বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকলে অনলাইনে ভর্তির ব্যবস্থার বাধ্যবাধকতা দেয়া হয় চার নম্বর ধারায়।
নয় নম্বর ধারায় এই নীতিমালা সকলের জন্য বাধ্যতামূলক করে দেয়া হয়। অমান্য করলে বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা এমপিওভুক্তি বাতিল এবং সরকারি কলেজের ক্ষেত্রে বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় এই নীতিমালা জারি করে।
এই নীতিমালা জারির পর ভর্তি পরীক্ষা নিতে অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে নটর ডেম কলেজ। সে আবেদন খারিজ হওয়ার পর তারা হাই কোর্টে আসে।
এর আগে গত বছরও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাই কোর্টের আদেশ নিয়ে প্রতিষ্ঠানটি ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে।
