২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতন মামলায় চেয়ারম্যান কারাগারে

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্কুল শিক্ষিকার করা মামলায় নীলফামারীর এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 10:31 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক হাসানুজ্জামান আদেশ দেন।

আসামি জিকো আহমেদ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলার নথি থেকে জানা যায়, সৈয়দপুর কামারপুকুর কিন্ডারগার্টেনের এক শিক্ষিকার (নাম প্রকাশ করা হলো না) স্বামী বিদেশে থাকার সুযোগে চেয়ারম্যান জিকো আহমেদ তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

পরে জোরপূর্বক ওই শিক্ষিকার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। পরে সিলেটের শাহজালাল মাজারে গিয়ে তারা বিয়ে করেন।

অভিযোগে আরো বলা হয়, পরবর্তীতে জিকো আহমেদ ভূয়া কাবিননামা তৈরি করেন এবং ওই শিক্ষিকাকে নিয়ে সৈয়দপুরের কামারপুকুরে একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতে থাকেন।

এ ঘটনার কিছুদিন পর জিকো আহমেদ শিক্ষিকাকে না জানিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর অন্য একটি মেয়েকে বিয়ে করেন।

দ্বিতীয় বিয়ের বিষয়ে ওই শিক্ষিকা জিকো আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি ভুয়া কাবিননামা তৈরি করে তাকে বিয়ে করেছেন।

এরপর স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই শিক্ষিকা একই বছরের ২৮ নভেম্বর জিকো আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলার পর  থেকে জিকো আহমেদ পালাতক ছিলেন।

মঙ্গলবার আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে তা নাকচ হয়।