নূর হোসেনের ‘আশ্রয়দাতা’ মশিউর গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ‘আশ্রয়দাতা’ যশোরের মশিউরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। দুইদিন পর পাশের শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হয়। তিনি র্যাবকে টাকা দিয়ে এই সাতজনকে হত্যা করিয়েছেন বলে নিহত নজরুলের স্বজনদের অভিযোগ।
ফাইল ছবি
গত ১৫ মে যশোর ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথ অভিযানে বেনাপোল থেকে কামালকে গ্রেপ্তার করে। নূর হোসেন যশোরের বাসিন্দা মশিউরসহ স্থানীয় আরো কয়েকজনের সহায়তা ও আশ্রয়ে থেকে ভারতে পালিয়ে যান বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন কামাল।
কামালের দেয়া তথ্য মতে, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একের পর এক লাশ ভেসে উঠার পর ১ মে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে মশিউরের বাড়িতে আশ্রয় নেন নূর হোসেন। সেখানে দুইদিন অবস্থানের পর মশিউরের পরামর্শে নূর হোসেন ও স্থানীয় চোরাচালানি বাদশাকে মোটর সাইকেল করে রঘুনাথপুর সীমান্তে পৌঁছে দেন কামাল।
যশোরের পুলিশ সুপার আনিসুর বলেন, কামালকে গ্রেপ্তারের পর বাদশা ও মশিউর আত্মগোপনে চলে যান। পরে মঙ্গলবার মশিউরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
