কিশোরগঞ্জে বিএনপির ২৮ নেতাকর্মী দণ্ডিত
পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির ২৮ নেতাকর্মীর তিন বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার কিশোরগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক আলাউল আকবর এ রায় দেন।
রায় ঘোষণার সময় ১১ জন দণ্ডিত আদালতে উপস্থিত ছিলেন। দুইজন আগে থেকেই অন্য মামলায় জেল হাজতে ছিলেন। এছাড়া ১৫ জন রয়েছেন পলাতক।
দণ্ডিতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, দলের তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, সদস্য শফিকুল আলম শিপলু, সদরের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুকুল, সদরের স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু নাছের সুমন।
দলের জেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, কারাদণ্ডপ্রাপ্ত সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গণমিছিল অনুষ্ঠানের সময় পুলিশের সঙ্গে ‘দাঙ্গা-হাঙ্গামার’ ঘটনা ঘটে।
এ সময় শহরের বিভিন্ন জায়গায় আসামিরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও মারপিটকরাসহ সহকারী পুলিশ সুপারের গাড়ি ও বেশকিছু গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) এ টি এম মাহমুদুল হক দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।
