২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৮০টি সীমান্ত চৌকি বসাচ্ছে বিজিবি

সীমান্তে নতুন করে আরো ৮০টি বর্ডার আউটপোস্ট (বিওপি) বসাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 08:39 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

এর মধ্যে পার্বত্য এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে অর্ধশতাধিক এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অন্তত ২৮টি বিওপি করা হচ্ছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

এরইমধ্যে বেশ কয়েকটি বিওপি স্থাপনের কাজ শুরু হয়েছে বলে বিজিবির উপমহাপরিচালক আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার জানিয়েছেন।

বিজিবি কর্মকর্তা বাশার বলেন, সন্ত্রাসী, অস্ত্র চোরাচালান ও মাদক প্রতিরোধের জন্যই এসব বিওপি গঠন করা হচ্ছে।

বর্তমানে ভারত ও মিয়ানমার সীমান্তে চার হাজার ৪২৭ কিলোমিটারের মধ্যে প্রায় সাড়ে পাঁচশ বিওপি রয়েছে।    

বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি ও খাগড়াছড়ি সীমান্তের বিভিন্ন স্থানে বিওপি নির্মাণ করা হচ্ছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বাশার বলেন, “এসব এলাকা এতোই দুর্গম যে, কোনো কোনো স্থানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের অনেক কষ্টের মধে্যে দায়িত্ব পালন করতে হবে।

“এসব বিওপি নির্মাণের পরিকল্পনা করার পর স্থান নির্ধারণ করার কাজ শেষ করে এখন শুধু বাস্তবায়ন হচ্ছে। কয়েকটি বিওপিতে বিজিবি সদস্যরা দায়িত্বপালন শুরু করেছেন।”

দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকাগুলো অরক্ষিত ছিল জানিয়ে তিনি বলেন, “সন্ত্রাসী ও মাদক পাচারকারীরা এসব সীমান্ত ব্যবহার করতো। অত্যন্ত দুর্গম হওয়ায় তা প্রতিরোধ করা সম্ভব হয়ে উঠছিল না।”

বিজিবি পুনর্গঠনের অংশ হিসাবে ২০১১ সাল থেকে বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেয়ার পর পর্যায়ক্রমে তা বাস্তাবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।