হবিগঞ্জে ১৯ দলের ১১ নেতাকর্মী কারাগারে
হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শিবির সভাপতিসহ ১৯ দলের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর ১৯ দলের ডাকা হরতাল চলাকালে জেলা শহরের বিভিন্ন স্থানে দোকানপাট ভাংচুর ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়।
এ ঘটনায় পুলিশ জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও শিবির সভাপতি খলিলুর রহমানসহ ১৯ দলের ১৩ নেতাকর্মীকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউস জানান, আসামিদের মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। কিন্তু তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
আসামিদের মধ্যে আরো রয়েছেন যুবদল নেতা শেখ মামুন, রবিউল, জামায়াত নেতা আমজাদ হোসেন মনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক সাজন, ছাত্রদল নেতা শিপন, মাহবুব ও জাসাস নেতা পাপ্পু।
