ম্যাজিস্ট্রেট লাঞ্ছনা, গাইবান্ধায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জে সার্কাস প্যান্ডেল ভাঙতে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছনার ঘটনার জেরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান(৫২), আওয়ামী লীগ কর্মী সানোয়ার হোসেন (৩৩), আনোয়ার হোসেন (৩৫), আমিনুল ইসলাম (৩৮) ও নিশি কর্মকার (৩০)। তারা সবাই বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল ইসলাম এবং শরীফুল ইসলাম গত রোববার বিকালে উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে প্রদর্শিত দি লায়ন সার্কাসের প্যান্ডেল উচ্ছেদ করতে যান।
ওই রাতেই ওই ঘটনায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল ইসলাম বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরদিন সোমবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস পুলিশ, আর্মড পুলিশ, পুলিশ ও আনছার সদস্য নিয়ে অভিযান চালিয়ে সার্কাস প্যান্ডেল উচ্ছেদ করেন।
এর জের ধরে বামনডাঙ্গায় পরিস্থিতির অবনীত হতে পারে বলে আওয়ামী লীগের এই পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম।
তিনি বলেন, “ম্যাজিস্ট্রেটকে লাঞ্চিত করার অভিযোগ সঠিক নয়।
“ঘটনার সময় আব্দুল হক ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির একটি সভায় তার স্ত্রী উপস্থিত ছিল। হৈচৈ শুনে তিনি ঘটনাস্থলে গেলে তার সাথে দুই ম্যাজিস্ট্রেট দুর্ব্যবহার করেন।
“খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসি। পরে তাদেরকে গাড়িতে তুলে দেই।”
তিনি দাবি করেন জেলা প্রশাসনের অনুমতির মেয়াদ শেষ হওয়ায় সোমবার প্রশাসনের লোকজন আসার আগে থেকেই সার্কাস প্যান্ডেল গুটিয়ে নেয়া হচ্ছিল।
