শপথ শেষে ফের কারাগারে মিঠাপুকুরের চেয়ারম্যান
শপথ নিয়ে মিঠাপুকুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী এবং ভাইস চেয়ারাম্যান ও উপজেলা জাময়াতের সদস্য আব্দুল বাসেত মারজানকে ফের কারাগারে পাঠানো হয়েছে।
তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত কাছে শপথ নেন তারা।
শপথ শেষে তারা ফিরে যান রংপুর কেন্দ্রীয় কারাগারে।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, গোলাম রব্বানী ও আব্দুল বাসেত মারজান দশম সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা একাধিক মামলার আসামি।
পলাতক থেকে তারা নির্বাচনে জয়ী হন। গত ২৭ মার্চ শপথ নিতে এলে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “নিম্ন আদালত জামিন না দেয়ায় তারা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ২৭ মের মধ্যে শপথ করানোর আদেশ দেন।”
ওই অনুষ্ঠানে শপথ নেন পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা শফিউল্লাহ শফি। সেদিন তাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।
