২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিতে এসে গ্রেপ্তার ৩ উপজেলা চেয়ারম্যান

শপথ নিতে এসে পুরনো মামলায় গ্রেপ্তার হয়েছেন রংপুর বিভাগের তিনটি উপজেলার চেয়ারম্যান।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠানের আগেই কার্যালয়ের বাইরে থেকে পুলিশ আরো দুজন ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সদস্য আব্দুল বাসেত মারজান, পঞ্চগড়ের বোদা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সদস্য শফিউল্লাহ শফি, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান আব্দুর এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান।

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতরা দশম সংসদ নির্বাচনের আগে ও পরে তাদের নিজের এলাকায় পুলিশের ওপর হামলা, যানবাহন ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ একাধিক সহিংস ঘটনায় দায়ের করা মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি।”

গ্রেপ্তারের পরপরই তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে  বিকাল ৪টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান শুরু হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) নারায়ণ চন্দ্র বর্মা জানান, রংপুর বিভাগের আট জেলার ৫৪ উপজেলার মধ্যে প্রথম দফায় অনুষ্ঠিত ৩৩ উপজেলার ৯৯ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে ৯৩ জনকে শপথ পড়ান বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলওয়ার বখত।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান সেলিনা হোসেন লিটা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি শপথ অনুষ্ঠানে যোগ দেননি বলে জানান তিনি।