২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাচ্ছে কমিউনিটি রেডিও

দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্প্রচার চালানো কমিউনিটি রেডিওগুলোকে বাণিজ্যিক বিজ্ঞাপন সম্প্রচারের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

শহরবাসীদের কমিইনটি রেডিওর কার্যক্রম সম্পর্কে জানাতে মঙ্গলবার সচিবালয়ে কমিউনিটি রেডিও ওয়েব পোর্টাল www.communityradio.com.bd এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ইনু বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কমিউনিটি রেডিওগুলোকে বাণিজ্যিক বিজ্ঞাপন সংগ্রহের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

‘কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০০৮’ অনুযায়ী কমিউনিটি রেডিওগুলো শুধু উন্নয়ন ও সেবামূলক বিজ্ঞাপন প্রচার করতে পারে।

তবে বেশ কয়েকটি কমিউনিটি রেডিওর বিরুদ্ধে নিয়ম ভেঙে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের অভিযোগের মধ্যে সরকারের এ সিদ্ধান্তের জানালেন তথ্যমন্ত্রী।

নীতিমালা অপরিবর্তিত রেখে কমিউনিটি রেডিওতে সরকারি উন্নয়নমূলক বিজ্ঞাপন সম্প্রচারের সম্ভাব্যতা খতিয়ে দেখতে কমিউনিটি রেডিও তদারক কমিটির প্রধান ও বাংলাদেশ বেতারের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন তথ্য সচিব মরতুজা আহমেদ।

হাসানুল হক ইনু বলেন, কমিউনিটি রেডিওগুলোকে মিথ্যাচার, গুজব থেকে দূরে থেকে জঙ্গী প্রতিরোধ করে গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখতে হবে।

নতুন চালু হওয়া ওয়েব পোর্টালের মাধ্যমে কমিউনিটি রেডিওর কার্যক্রম সম্পর্কে শহরের মানুষও এখন জানতে পারবে বলে জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে কমিউনিটি রেডিওর উন্নয়নে তথ্য মন্ত্রণালয়, ১৪টি কমিউনিটি রেডিও ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এ-টু-আই) প্রকল্পের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এ-টু-আই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ছাড়াও বিভিন্ন কমিউনিটি রেডিও স্টেশনের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১০ সালে দেশে প্রথম কমিউনিটি রেডিওর যাত্রা শুরুর পর এখন ১৪টি রেডিও সম্প্রচারে রয়েছে।

এছাড়া আরো ১৮টিকে সম্প্রচারের প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে।