২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইউপি নির্বাচনে কেন্দ্র দখল

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে এক প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 05:08 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

নির্বাচনে দুই প্রার্থী হলেন ওহাব মাতুব্বর (প্রতীক আনারস) এবং এনায়েত হোসেন (প্রতীক মোটরসাইকেল)।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় কেন্দ্রগুলোতে।

সরেজমিনে দরগাবাড়ি মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওহাব মাতুব্বরের লোকজন ভোট কেন্দ্র দখল করে রেখেছে। সেখানে এনায়েতের কোনো এজেন্ট পাওয়া যায়নি।

কেন্দ্রের প্রবেশপথে তাদের অনুমতির বাইরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রে কোনো ভোটারও নেই।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, “সকালে এনায়েতের এজেন্টরা আসলেও কিছুক্ষণ পর বের হয়ে যান। তারা না থাকলে আমি কী করতে পারি?”

তিনি জানান, তার কেন্দ্রে মোট ১২৩৯ ভোটারের মধ্যে বেলা ১০টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে।  

একই অবস্থা নারানদিয়া জয়নদ্দীন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের।

সেখানে গিয়ে দেখা যায় ওহাব মাতুব্বরের সমর্থকরা ভোট কেন্দ্রের মধ্যে পুলিশ সদস্যদের নিয়ে বসে গল্প করছেন, কেন্দ্রে কোনো ভোটার নেই।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অসিত কুমার সাহা জানান, ১৩৯৬ ভোটের মধ্যে বেলা ১১টার আগেই পড়েছে ৯শ’র বেশি ভোট।

প্রার্থী এনায়েত হোসেন জানান, প্রশাসনের সহয়তায় সকাল ৯টার মধ্যে বহিরাগতদের দিয়ে ভোট কেটে বাক্স বোঝাই করে ফেলেছে আনারস প্রতীকের সমর্থকরা। তার ভোটার বা সমর্থকদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী কর্মকতা বিশ্বাস রাসেল হোসেন জানান, তিনি কিছু অভিযোগ পেয়েছেন। ওইসব স্থানে বিজিবি ও ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়নটির চেয়ারম্যান অহিদুজ্জামান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। ইউনিয়নের নয়টি কেন্দ্রে রয়েছেন ১২ হাজার ২৩৯ জন ভোটার।