২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নিয়ে ইতিবাচক মোদি: শিরীন

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার দুপুরে তাদের এ বৈঠক হয়। একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলা হলেও প্রায় আধা ঘণ্টার বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে শিরীন শারমিন বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তাকে ইতিবাচক মনে হয়েছে।

“তিস্তার পানি বণ্টন ও স্থল সীমান্ত চুক্তির মতো অমীমাংসিত দ্বিপক্ষীয় ইস্যুগুলোর সমাধানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন মোদি। এসব সমস্যার সমাধানে তিনি অত্যন্ত আগ্রহী।”

এ সময় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পৌঁছে  দেন স্পিকার, যে বার্তায় দুই দেশের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

ওই চিঠিতে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

“সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সফর করবেন বলে তিনি আমাকে বলেছেন,” সাংবাদিকদের বলেন শিরীন শারমিন।

ঢাকার আমন্ত্রণপত্র হস্তান্তরের সময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং স্পিকারকে বলেন, “আমরাও দ্রুততম সময়ের মধ্যে আপনার প্রধানমন্ত্রীকে দিল্লিতে আপ্যায়ন করতে চাই।”

নয়া দিল্লিতে বাংলাদেশি কূটনীতিকরা জানান, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ওপর জোর দিয়েছেন স্পিকার শিরীন শারমিন।

মোদির পূর্বসূরি মনমোহন সিং তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের উদ্যোগ নিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় শেষ মুহূর্তে তা আটকে যায়।

এছাড়া দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। 

এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক এ করিম উপস্থিত ছিলেন।

সোমবার ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকার প্রধান তার শপথ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকায় এই অনুষ্ঠানে যোগ দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এদিন বাংলাদেশের স্পিকারের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নেতারা মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ করেছেন মরিশাসের সরকার প্রধানও।

তবে অনেকেরই নজর ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ভারতের নতুন প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে।

নরেন্দ্র মোদির সঙ্গে ‘চমৎকার’ বৈঠক হয়েছে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন নওয়াজ।

বৈঠকের পর সিএনএন-আইবিএন টেলিভিশনকে তিনি বলেন, “একটি চমৎকার বৈঠক হয়েছে। আমরা দুজনই ইতিবাচক। সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

নরেন্দ্র মোদির সরকারের ‘শুভ কামনা’ করেন তিনি।

পুরনো খবর:

হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ মোদির
বাংলাদেশের আতিথেয়তায় ‘মুগ্ধ’ প্রণব
ঢাকার লক্ষ্য বিদ্যুৎ, পানি, যোগাযোগ