জিহাদ রিমান্ডে, সহযোগীর বাড়িতে আগুন
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ জিহাদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
হত্যায় জড়িত অভিযোগ তুলে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত পাটোয়ারির বাড়িতে আগুন দিয়েছে একরাম সমর্থকরা।
সোমবার ফেনীর বিচারিক হাকিম খাইরুল আমিনের আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন করে পুলিশ। আদালত আট দিন রিমান্ড মঞ্জুর করে।
এদিকে বিকালে এক সংবাদ সম্মেলনে হত্যাকারীরা কেউ ছাত্রলীগের নয় বলে দাবি করার পর ছাত্রদলও পাল্টা সংবাদ সম্মেলন করে হত্যার দায় অস্বীকার করেছে।
গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। র্যাবের হাতে গ্রেপ্তার এ হত্যাকাণ্ডে জড়িত সাতজন জানিয়েছে, আওয়ামী লীগ নেতা জিহাদের পরিকল্পনায় তারা একরামকে খুন করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিকাল পৌনে ৪টার দিকে জিহাদ চৌধুরীকে ফেনী মডেল থানা থেকে আদালতে নেয়া হয়।
আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৮ দিন মঞ্জুর করেন বিচারক। এ সময় জিহাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে তিনি জানান।
আদালতে উপস্থিত আইনজীবী শরফুদ্দিন আহম্মদ সাংবাদিকদের জানান, জিহাদ চৌধুরী আদালতে বলেন, “জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল তাকে নির্দেশ দিয়েছিলেন চেয়ারম্যান একরামকে মারধর করে গাড়ি ভেঙে দিতে, কিন্তু তার নিহত হওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়।”
জিহাদ চৌধুরী (ফাইল ছবি)
রোববার সন্ধ্যায় ফেনী শহরের বারাহিপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আ. লীগ নেতার বাড়িতে আগুন
একরাম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত পাটোয়ারির বাড়িতে সোমবার দুপুরে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে একরাম সমর্থকরা।
বেলায়েতের ছোট ভাই আবদুল গোফরান সাংবাদিকদের জানান, বিক্ষুব্ধ লোকজন ইসলামপুর গ্রামে বেলায়েত পাটোয়ারির ঘর ও তার ভাইয়ের বসত ঘরে হামলা করে।
২৫ থেকে ৩০ জনের দলটি বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুটপাট করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানান তিনি।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফেনী ও ছাগলনাইয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বেলায়েতের দুটি বসত ঘর, দুটি গোয়াল ঘর, পাঁচটি খড়ের গাদা পুড়ে যায়। গোয়াল ঘরে থাকা একটি গরুর বাছুরও পুড়ে মারা যায় বলে জানান তিনি।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ আটক না হলেও যেসব দুর্বৃত্ত আগুন লাগিয়েছে তাদের ব্যাপারে তথ্য নেয়া হচ্ছে।
জিহাদ ও বেলালকে বহিষ্কার
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জিহাদ চৌধুরী এবং আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালয়েত পাটোয়ারিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম এর সত্যতা নিশ্চিত করেছেন।
ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
একরাম হত্যাকাণ্ডে আটকদের কেউ ছাত্রলীগের কোনো শ্রেণির কর্মী নয় দাবি করে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ।
সোমবার সকালে সংগঠনটির জেলা কার্যালয়ে জেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু।
তিনি বলেন, গ্রেপ্তার আবিদ, সৈকত ও অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারা ছাত্রদলের কর্মী।
বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবিও এই সময় প্রদর্শন করেন এই ছাত্রলীগ নেতা।
তিনি বলেন, এদের মধ্যে চৌধুরী নাফিজ উদ্দিন অনিক জেলা তাঁতী দলের সভাপতি ও উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারের ভাতিজা। তার বাবা দিদার চৌধুরী ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
জাহিদুল ইসলাম সৈকত পরশুরাম উপজেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদিকা এবং বিএনপি সমর্থিত পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা কামরুলের ছেলে। তিনি পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য।
এ সময় আবিদের ফেইসবুক আইডি দেখানো হয়, যেখানে রাজনৈতিক পরিচয়ে বিএনপি লেখা আছে।
এদিকে বিকালে একটি রেস্তোরাঁয় জেলা ছাত্রদল সংবাদ সম্মেলন করে।
এতে লিখিত বক্তব্যে সংগঠনের জেলা সদস্য সচিব নঈমুল ইসলাম বলেন, একরাম হত্যায় ছাত্রদল নয়, ছাত্রলীগই জড়িত। গ্রেপ্তাররা কেউ ছাত্রদলের কোনো পদ পদবিতে নেই। মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করতে ছাত্রদলকে জড়িয়ে ছাত্রলীগ নেতারা বানোয়াট বক্তব্য দিচ্ছে।
একরাম হত্যার এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
