চট্টগ্রামে বিপন্ন প্রজাতির রঙ্গিলা বক উদ্ধার
চট্টগ্রামের ষোলশহরে বিএফআরআই ক্যাম্পাস এলাকা থেকে বিপন্ন প্রজাতির রঙ্গিলা বক উদ্ধার করা হয়েছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করতে রোববার বকটিকে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ মে ক্যাম্পাসের বাঁশঝাড় থেকে রঙ্গিলা বকটিকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, “বিপন্ন প্রজাতির বকটির উচ্চতা প্রায় তিন ফুট। এতো বড় পাখি আগে কখনো চট্টগ্রাম শহরে দেখা যায়নি।”
মোখলেসুর জানান, ২০০০ সালে রঙ্গিলা বককে অতি বিপন্ন পাখি প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে আইইউসিএন, বাংলাদেশ।
বিএফআরআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ষোলশহরে অবস্থিত এই ক্যাম্পাসের পাহাড়ি বনভূমি আট প্রজাতির উভচর, ১৬ প্রজাতির সরীসৃপ, ৫৯ প্রজাতির পাখি এবং ১৫ প্রজাতির স্তন্যপায়ী বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ও প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে।
