২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের বাড়ি দখলের অভিযোগপত্র আদালতে

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুনুর রশিদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্র জমা দেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসাইন কাজল।

নিয়মানুযায়ী একজন মুখ্য মহানগর হাকিম অভিযোগপত্রে স্বাক্ষর করে তা আমলে নিতে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের কাছে পাঠাবেন।

অভিযোগপত্রে দুদকের প্রসিকিউসনের পক্ষে পক্ষে ২০ জনকে সাক্ষী করা হয়েছে।

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদের বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপপরিচালক হারুনুর রশিদ।

হারুনুর রশিদ আগে বলেছিলেন, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, সেটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা তিনি (এহসান) লাভ করেন।

পরবর্তীতে ১৯৬৫ সালে এই বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্ল্যাজের নামও অন্তর্ভুক্ত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

১৯৭৩ সালের ২ অগাস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

পুরনো খবর:

বাড়ি দখল: মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন