২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নতুন রেল স্টেশনের সংযোগ সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 05:29 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চলাকালে ওই জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান, কাঁচা ও টিনের তৈরি ঘর উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জামাল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় ১৯৩ জন পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি পুলিশ।

অভিযানে অংশ নেয়া রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে নতুন স্টেশনের অ্যাপ্রোচ সড়কের বটতলি পর্যন্ত অংশের দুই পাশ দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়।

“অভিযোগ ছিল এখানকার দোকানগুলোতে চোরাই পণ্য বিক্রি হয়। পাশাপাশি কয়েকটি আস্তানায় মাদক বিক্রি-সেবন ও জুয়া খেলার মত অপরাধমূলক কর্মকাণ্ড চলত।”

জসিম উদ্দিন বলেন, দুই মাস আগে দায়িত্ব গ্রহণের পর তিনি অবৈধ দখলদারদের নোটিস দিলেও তারা জায়গা ছাড়ছিল না।