২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভাঙচুরের পর পোশাক কারখানা বন্ধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের পাহাড়তলীর একটি পোশাক কারখানায় ভাঙচুরের পর দু’দিনের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 05:22 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

সোমবার সকাল ১০টায় পূর্ব নির্ধারিত সময়ে কারখানার মালিক আলোচনার জন্য হাজির না হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে অলঙ্কার মোড়ের ভিউ মণ্ড প্রাইভেট লিমিটেড নামের কারখানাটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমদ ঘটনাস্থলে আসেন।

এসময় তিনি টাকা না থাকায় আজ (সোমবার) বেতন দেয়া সম্ভব নয় ঘোষণা দেয়ার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন।

শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মলিক কারখানার ভেতর তার কক্ষে অবস্থান নেন। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা তাকে কলাপসিবল গেট ভেঙ্গে মালিকের ওপর হামলা চালানোর চেষ্টা করে।

ওই পোশাক কারখানায় প্রায় এক হাজার দুইশ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ তাদের তিন মাসের বেতন বকেয়া আছে।

তবে শিল্প পুলিশ বলছে শুধু গত এপ্রিল মাসের বেতন দেয়া হয়নি।

মালিকের বেতন দিতে না পারার ঘোষণার পর কয়েকশ শ্রমিক অলঙ্কার মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় শিল্প পুলিশ ও পাহাড়তলি থানার পুলিশ তাদের বাধা দেয়।

বাধা পেয়ে শ্রমিকরা নিজেদের কারখানা ও আশেপাশের কয়েকটি কারখানায় ইট-পাটকেল ছুঁড়তে থাকে। 

পরিদর্শক আরিফুর রহমান বলেন, শ্রমিকদের ইটের আঘাতে গাউস অ্যাপারেলস ও ইমাম গার্মেন্টসের কিছুটা ক্ষতি হয়েছে। ভিউ মণ্ডের জানালা ও অফিস কক্ষ ভাংচুর করে শ্রমিকরা।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মালিক আগামী বৃহস্পতিবার বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন। এরপর বিকাল সাড়ে চারটার দিকে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার শ্রমিকরা বেতন নিতে আসবে।”

কারখানার কাটিং সহকারী মোহাম্মদ ফারুক বলেন, “ম্যানেজার গত এক সপ্তাহ ধরে প্রতিদিন বেতন দেয়ার আশ্বাস দিয়েও বেতন দেয়নি। বউ-ছেলেমেয়ে নিয়ে গত কয়দিন ধরে দিনে একবেলা উপোস করছি। ”

কাটিং মাস্টার শিপন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাসের বেতন বাকি। অনেক শ্রমিক অন্য জায়গায় চাকরি নিয়ে চলে গেছেন।