২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল চেতনায় উজ্জীবিত হয়ে অশুভকে তাড়ানোর আহ্বান

বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বানের মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনের উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম, ত্রিশাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 08:55 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর হাইস্কুল মাঠে রোববার সকালে এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি হিসেবেই দুই বাংলায় বেশি পরিচিত যিনি। ১৯১৩ সালে ময়মনসিংহের ত্রিশালে এসে দরিরামপুর হাইস্কুলে লেখাপড়া করেন প্রায় দেড় বছর।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবছর নজরুলের স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুলের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য এবং জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে এক বিশ্বজনীন মানবিকতাপূর্ণ কবিকে সামনে আনেন।

আলোচনা অনুষ্ঠানের স্মারক বক্তা কবি নূরুল হুদা বলেন, “নজরুল তার সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনার অভিন্ন উৎস হিসেবে মানুষের সুস্থ দেহ, সচেতন মন এবং এ দুইয়ের সুষম সমন্বয়জাত বিবেকী মানবিকতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করতেন, মুক্ত চিত্ত ও সপ্রাণ দেহধারী মানুষই তার বিবেকের অভ্রান্ত কণ্ঠস্বর।”

তিনি বলেন, “বস্তুগত সভ্যতার অভাবনীয় উন্নতি সত্ত্বেও আজ একবিংশ শতাব্দীর মানবসভ্যতা অসাম্য, ভেদবুদ্ধি ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে পারেনি। এর ফলে একবিংশ শতাব্দীর সভ্যতা আজ চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি।”

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “নজরুলের অসাম্প্রদায়িক চেতনার পাশাপাশি আর একটি বিষয় প্রণিধানযোগ্য। তা হলো নারী-পুরুষ বিষয়ে তার সমতাপূর্ণ দৃষ্টিভঙ্গি। তিনি বিশ্বাস করতেন, এই সভ্যতা সৃষ্টিতে নারী ও পুরুষের ভূমিকা সমান।”

জাতীয় কবির মূল্যায়নে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “নজরুল সাম্যের কবি। সকল ভেদাভেদ তুচ্ছ করে সবার ওপরে মানুষ সত্য এ কথা ধ্বনিত হয়েছে তার নিঃশ্বাসে, বিশ্বাসে। নজরুল ভাবনার মূল নির্যাস অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, শোষণের শৃঙ্খলমুক্তি, যা একইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাও বটে।

“আজ বাংলাদেশের স্বাধীনতাবিরোধী চক্র যখন তাদের অপতৎপরতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে অশুভ ষড়যন্ত্রে লিপ্ত তখনই অসাম্প্রদায়িকতা আর সাম্যের বাণী নিয়ে আমাদের পাশে উপস্থিত আছেন কাজী নজরুল ইসলাম।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্র্রণালয়ের সচিব রনজিত কুমার বিশ্বাস, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় পার্টির বর্জন

ত্রিশালের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নানকে অতিথির তালিকায় না রাখায় নজরুল জয়ন্তী অনুষ্ঠান বর্জন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

ত্রিশাল জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলি মণ্ডল বলেন, “এম এ হান্নান এই আসনের নির্বাচিত এমপি। তাকে অনুষ্ঠানে অতিথির তালিকায় না রাখায় আমরা নজরুল জয়ন্তী অনুষ্ঠান বর্জন করেছি এবং দাওয়াতপত্র ইউএনও অফিসে ফেরত দিয়ে এসেছি।”