২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অভিযোগে বন্দরের দুই নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মীকে চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 08:41 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার রাতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের গোয়েন্দা শাখা ওই দুই নিরাপত্তাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এরা হলেন- জাহিদ হোসেন ও জাবেদ শরীফ। এ ঘটনায় জড়িত জাবেদুল ইসলাম ভুঁইয়া নামের আরেক কর্মী পলাতক আছেন।

বন্দরের ভেতরে একটি কন্টেইনার ভেঙ্গে পণ্য চুরির ঘটনায় নিরাপত্তা পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে শনিবার রাতে তিন কর্মীকে আসামি করে মামলা করেন।

রোববার ওই মামলায় দুই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের অভ্যন্তরে অকশান (নিলামের জন্য রাখা) কন্টেইনার ভেঙ্গে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে বন্দরের গোয়েন্দা শাখা দুই নিরাপত্তা কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেল্যাফটেনেন্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির অভিযোগে আটককৃত ওই দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে।

গত ১২ মে বন্দরের জেআর ইয়ার্ড থেকে চুরি যায় বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠানের কাপড়। পরে অবশ্য তা টেরী বাজার থেকে উদ্ধার করে।