২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরেও উদ্ধার হয়নি মৌলভীবাজারের ব্যবসায়ী

মৌলভীবাজারের অপহৃত ব্যবসায়ী মজিদুর রহমান একলিমকে প্রায় এক বছরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

তার মুক্তির দাবিতে রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন মজিদুরের ছোট ভাই জুয়েল আহমদ, নুরুল আমীন, আল-আমিন, স্ত্রী জুলেখা আকতার রানু, নুরুল আমীনের স্ত্রী রীমা আকতার প্রমুখ।

এ সময় মজিদুরের মা মধু মালা তালুকদার কান্না ভেঙে পড়ে প্রশাসনের কাছে তার ছেলেকে উদ্ধারের আবেদন জানান।

অপহৃতের স্ত্রী জুলেখা আক্তার রানু জানান, মৌলভীবাজারের লেক রোডে মজিদুরের একটি মাইকের দোকান ছিল। গত বছরের ৩০ জুন তাকে অপহরণ করে মোবাইল ফোনে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এরপর থেকে বিভিন্ন সময়ে ফোন করে টাকা না দিলে তার স্বামীকে হত্যার হুমকি দেয় তারা।

পরে তিনি স্বামীকে উদ্ধারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন এবং থানায় মামলা করেন।

জুলেখা কান্না জড়িত কণ্ঠে বলেন, একমাত্র ছোট মেয়ে জুঁইকে নিয়ে তিনি স্বামীর ফেরার অপেক্ষায় রয়েছেন। মেয়ে পথ চেয়ে আছে তার বাবার ফেরার।

পাঁচ মাসেও খোঁজ মেলেনি রাজমিস্ত্রি রোমানের

নিখোঁজ হওয়ার পাঁচ মাসেও খোঁজ মেলেনি মৌলভীবাজারের রাজমিস্ত্রী মো. রোমান আহমদের (২৭)। রোমান মৌলভীবাজার শহরতলীর গুজারাই গ্রামের ফারুক মিয়ার ছেলে।

রোমানের বৃদ্ধ পিতা ফারুক মিয়া জানান, গত ১ জানুয়ারি সকালে কর্মস্থলের উদ্দেশে বের হওয়ার পর থেকে রোমান নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তারা অসহায় জীবনযাপন করছেন। বৃদ্ধ বয়সে তিনি ঠেলা চালিয়ে পরিবারের ভরণপোষণ চালাচ্ছেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।