ব্রাহ্মণবাড়িয়ায় পিটুনিতে ডাকাতের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্থানীয়দের পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
কসবা থানা ওসি মিজানুর রহমান জানান, রোববার ভোরে উপজেলার মেহারী গ্রামে ডাকাতির পর স্থানীয়দের পিটুনিতে গুরুতর আহত হয় হোসেন আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে সামান্য সুস্থ হওয়ার পর আদালতে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত হোসেন আলী হবিগঞ্জের শায়েস্থাগঞ্জের বাসিন্দা।
ওসি মিজানুর জানান, রাত ৩টার দিকে মেহারী গ্রামের রুহুল আমীনের বাড়িতে ৮/১০ জন ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতের পিটুনিতে রুহল আমিনের ভাই সুদন মিয়া ও আল আমীন গুরুতর আহত হন। তাদের চিৎকারে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে ফেলে। পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় হোসেন আলীকে আটক করে পিটুনি দেয়।
পুলিশ এসে গুরুতর আহত হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে। কিছুটা সুস্থ হলে সকাল ৯টার দিকে আদালতে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
