নাটোরে অপহৃত তরুণী রাজশাহীতে উদ্ধার
রাজশাহী পুলিশ এক তরুণীকে উদ্ধার করেছে, যাকে একদিন আগে নাটোর থেকে অপহরণ করা হয়েছিল।
শনিবার দুপুরে ওই কলেজছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ চাওয়া হয়েছিল। রাতে রাজশাহীর পুটিয়া উপজেলা থেকে উদ্ধারের পর তাকে নাটোরে নিয়ে যাওয়া হয়েছে।
নাটোর সদর থানার ওসি আব্দুস সাত্তার জানান, রাত ১১টার দিকে অপহরণকারীরা ওই তরুণীকে মাইক্রোবাস থেকে বানেশ্বর এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে একদল যুবক তাকে তুলে নিয়ে যায়। পরে তারই মোবাইল ফোন থেকে তার বাবার কাছে কল করে ১ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছিল।
এ ঘটনায় ওই তরুণীর মামা বাদি হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি সাত্তার বলেন, “অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ। এর মধ্যে পুঠিয়ার বানেশ্বর বাজারে ওই তরুণীকে ফেলে যায় অপহরণকারীরা।”
অপহরণকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান চলছে বলে পুলিশ কর্মকর্তা সাত্তার জানান।
