জাপানের পথে প্রধানমন্ত্রী
চারদিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাত সোয়া ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন তিনি।
হংকংয়ে দেড় ঘণ্টা যাত্রা বিরতির পর রোববার জাপানের স্থানীয় সময় দুপুর ১টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। সফরে জাপানের সম্রাট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এই সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্তভূষণ বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহদসহ ব্যবসায়ীদের ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদলও রয়েছে শেখ হাসিনার সফরসঙ্গীদের দলে।
এই সফরে প্রধানমন্ত্রী টোকিওর আকাসাকা প্রাসাদে থাকবেন।
ফাইল ছবি
শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে স্বাক্ষর অনুষ্ঠনের পর দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্মানে শিনজো আবের নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
সফরের তৃতীয় দিন মঙ্গলবার টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি।
ওইদিনই টোকিও কাইনাকে জাপান শিল্প ও বণিক সমিতির অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে জাপান-বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা কমিটি, জাপান শিল্প ও বণিক সমিতি, জাপান বণিক সংঘ এবং জাপান বৈদিশিক বাণিজ্যিক কাউন্সিলের মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হসিনা।
পরে জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার সদর দপ্তরেও যাবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন জাপানের প্রেসক্লাবে যাবেন তিনি। এরপর সন্ধ্যায় তিনি জাপানে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
২৯ মে সকালে দেশে ফেরার কথা শেখ হাসিনা।
