২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নেত্রকোণায় চলমান পরিবহন ধর্মঘটের মধ্যে শনিবার সন্ধ্যায় পুলিশ ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 09:31 PM

Updated : 26 Jul 2022, 12:40 PM

শহরের পারলা বাসস্ট্যান্ডে এ সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।

পরে গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধে তিন দিন ধরে পরিবহন ধর্মঘট চলছে জেলায়।

নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে পারলা বাসস্ট্যান্ডে নেত্রকোণা– ময়মনসিংহ সড়কে যান চলাচল স্বাভাবিক করার সময় বাস শ্রমিকরা আকষ্মিক হামলা চালায়।

তাদের ছোড়া ইটের আঘাতে সদর মডেল থানার ওসি এ কেএম কাউসার, পরিদর্শক (তদন্ত) আবু তাহেরসহ অন্তত ১০ জন পুলিশ আহত হয়েছেন।

এ সময় পুলিশ ৭১ রাউন্ড ফাকা গুলি ছাড়াও ১৯ রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। পরিস্থিতি পুলিশের  নিয়ন্ত্রনে রয়েছে।

নেত্রকোণা মডেল থানার ওসি একেএম কাউসার জানান, বুধবার বিকালে  নেত্রকোণা শহরের বনোয়াপাড়া বাসস্ট্যান্ডে বাস শ্রমিকরা একজন অটো শ্রমিককে মারধর করার ঘটনা নিয়ে বৃহস্পতিবার সমঝোতা বৈঠক বসে।

এ সময় বাস শ্রমিকেরা হামলা চালিয়ে অন্তত ১৫ অটোরিকশা শ্রমিককে আহত করে। এরপর দুপক্ষের শ্রমিকদের সংঘর্ষ হয়।