বৃষ্টিতে স্বস্তি
টানা তিন দিনের দাবদাহের পর রাজধানীতে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এসেছে। সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী ছাড়াও দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়েছে।
আরো কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ধীরে ধীরে দাবদাহ চলে যাওয়ার কথাও বলা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীতে প্রায় দুই ঘণ্টা টানা বৃষ্টি হয়। এরপরও পড়তে থাকে গুড়ি গুড়ি বৃষ্টি। বেলা ৩টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হয়ে শুক্রবার থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
“এর প্রভাবে সর্বত্র বৃষ্টি হচ্ছে। আরো দুদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকবে।”
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার , মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেয়া হয়েছে।
শনিবার রাজশাহী, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী, পটুয়াখালী ও খেপুপাড়াসহ ঢাকা বিভাগ এবং খুলনা ও রাজশাহীর কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
