বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের আট যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে তৈয়েব আলী বটতলা এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা সবাই নিকটাত্মীয় বলে পুলিশ ও স্বজনরা নিশ্চিত করেছে।
এরা হলেন খুলনা নগরীর রায়ের মহল এলাকার মাইক্রোবাস চালক জুয়েল (২৬), মঈন (২৮), তার স্ত্রী মুন্নী (১৮), তাদের চার মাস বয়সী শিশুপুত্র মাহিম, দোলা (৪২) ও তার মেয়ে আফসানা মিম (১৮), মাইক্রোবাসের মালিক এনায়েত হোসেন (২২) ও পুলিশ সদস্য আমীর হোসেন সাগর (২৬)।
কাটাখালী হাইওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফারাজী ও ফকিরহাট থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, মঈনসহ নিহতরা শনিবার সকালে খুলনা থেকে একটি মাইক্রোবাস নিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাঁতি গ্রামে মঈনের শ্বশুর বাড়ি বেড়াতে যান।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে খুলনায় পাঠায়। সেখানে দুজনের মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করেছে। ঘটনার পর অন্তত এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার পর পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী ও পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
