‘যেদিন বয়স ১৮ বছর সেদিনই ভোটার’
যেদিন ১৮ বছর পূর্ণ হবে সেদিনই যাতে একজন নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন তার চিন্তা-ভাবনা করছে নির্বাচন কামিশন।
এজন্য ভোটার তালিকা হাল নাগাদ করার আইনটি সংশোধন করা প্রয়োজন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।
শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ করার কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা জানান।
জাবেদ আলী বলেন, বর্তমানে ভোটার তালিকা হাল নাগাদ করার নিয়মানুযায়ী প্রতিবছর ১ জানুয়ারির আগে বা ওইদিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয় কেবল তারাই ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন।
কিন্তু একদিন পরে যার জন্ম হয় তাকে ৩৬৪ দিন অপেক্ষা করতে হয়।
“এ কারণে আমরা আশা করছি, ভোটার তালিকা হাল নাগাদ করার আইনটি সংশোধন করা প্রয়োজন হবে,” বলেন তিনি।
যার যেদিন ১৮ বছর পূর্ণ হবে সে সেদিনই যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে তার চিন্তা-ভাবনা করছেন তারা।
নির্বাচন কমিশনার কাপাসিয়া বাজারের বিভিন্ন ভোটারের সঙ্গে ভোটার হওয়ার ব্যাপারে কথা বলেন।
তিনি বলেন, কেউ বাদ পড়লে নাম অন্তর্ভুক্ত করা যাবে, কিন্তু একজনও ভুয়া ভোটার যাতে নাম অন্তর্ভুক্ত করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রমুখ।
