২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্কতা

বঙ্গোপসাগরে অবস্থানরত নিন্মচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 06:11 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

তবে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সমর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি  দক্ষিণপশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে দুপুরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসাবে  অবস্থান করছে।

“এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”

চট্টগ্রাম, কক্সবাজার , মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের  কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের  গভীর সাগরে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।