২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চোরাচালানি গুলিবিদ্ধ

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক মাদক চোরাচালানি গুলিবিদ্ধ হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 01:04 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

গুলিবিদ্ধ শুকুর আলি (৩৫) উপজেলার শুইলপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

কালিগঞ্জ সার্কেলের এএসপি মীর মনিরুজ্জামান জানান, শুক্রবার ভোরে কালিগঞ্জ সদরের কাকশিয়ালি ব্রিজের ওপর এ সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় মাদকদ্রব্য চোরাচালানের খবর পেয়ে পুলিশ কাকশিয়ালি ব্রিজের কাছে অবস্থান নেয়। কিছু সময় পর সেতু অতিক্রম করতে থাকলে পুলিশ তাদের পথরোধ করে। তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছুড়লে পুলিশ তাদের ওপর পাল্টা গুলি ছুড়ে।  

“এসময় অন্য চোরাচালানীরা পালিয়ে গেলেও গোলাগুলির পর ঘটনাস্থলে শুকুরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

এএসপি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় আহত দুই পুলিশ কনস্টেবল হাবিব ও সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  

গুলিবিদ্ধ শুকুর আলির বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদক চোরাচালানের কয়েকটি মামলা রয়েছে বলে এএসপি জানান।