২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসেও উদ্ধার হয়নি পাবনার মিশুক

পাবনা পলিটেকনিক স্কুল এন্ড কলেজের অপহৃত এক ছাত্রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষকরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় ৬ মাস আগে এনামুলকে অপহরণ করা হলেও পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।

গয়েশপুর পূর্ব পাড়ার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে এনামুল হক সানী মিশুক গত ১৬ নভেম্বর বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে অপহৃত হয়।

এ ঘটনায় মিশুকের ভাই মতিন পাবনা সদর থানায় মামলা করেন। গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।

তারা হলেন গয়েশপুর গ্রামের সাইফুল ইসলাম, দ্বীপচর গ্রামের সেলিম রেজা ও সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের বেলকুচি থানার চালাসাতমাথা গ্রামের আবু তালেব শেখ ও সলঙ্গা থানার বেতুয়া গ্রামের রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের স্বীকারোক্তির বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, “পাবনা ক্যাডেট কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী আশরাফুল ইসলাম মিশুককে অপহরণ করেছে।”

তবে এত দিনেও কেন অপহৃতকে উদ্ধার করা যায়নি সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, কলেজের পক্ষ থেকে প্রশাসনের প্রতি দ্রুত তাকে উদ্ধারের দাবি জানানো হয়েছে।