কক্সবাজারে ঘুরতে গিয়ে যুবকের মৃত্যু
বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে নারায়ণগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল হাসান (২৫) নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হচ্ছে।
হাসান নারায়ানগঞ্জ জেলার চালপুরি এলাকার মো. সিদ্দিকের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা প্রণব চকমা জানান, মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে তা অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
হাসানের সঙ্গে বেড়াতে যাওয়া বন্ধু রাজ আহমদ জানান, বুধবার দুপুরে আট বন্ধু কলাতলীর হোটেল সী পার্কে ওঠেন।
বৃহস্পতিবার সকালে তারা কক্সবাজারের ইনানী সৈকতে ভ্রমণে যান।
সেখান থেকে সাগরে গোসল করে ফেরার পথে তারা হিমছড়ি ঝর্ণা দেখতে যান বলে জানান রাজ।
“এ সময় আল হাসান হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।”
দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
