নিম্নচাপে উত্তাল হচ্ছে সাগর
তাপদাহে যখন বাংলাদেশের স্থলভাগ উত্তপ্ত, তখন একটি নিম্নচাপে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর।
এই নিম্নচাপের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে থাকতে মানা করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। তবে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপটি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
সাগর মাঝারি ধরনের উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবতী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
