বরগুনায় মাইক্রোবাস চাপায় যুবক নিহত
বরগুনার আমতলী উপজেলার উৎসিতলায় মাইক্রোবাস চাপায় এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল হাওলাদারের বাড়ি আমতলী উপজেলার চাওড়া কালিবাড়ি গ্রামে। তার বাবা আবদুল গনি হাওলাদার।
এ ঘটনায় একই বাড়ির লাল মিয়ার ছেলে জসিম উদ্দিন ও বরগুনার আইনজীবী আবদুল আজিজের ছেলে জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. রিয়াজ হোসেন জানান, নিহত যুবক দুলাল ও আহত জসিম রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। জাহাঙ্গীর হোসেন মটরসাইকেলে পটুয়াখালী যাচ্ছিল।
পটুয়াখালী থেকে আসা একটি মাইক্রোবাস তাদের তিনজনকেই চাপা দিয়ে কলাপাড়ার দিকে চলে যায়।
মাইক্রোবাসটিকে আটক করার জন্য কলাপাড়া থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।
