বোয়ালখালীর প্রথম মেয়র বিএনপির
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আবু।
পৌরসভা গঠনের পর বুধবার বোয়ালখালীতে প্রথম নির্বাচন হয়। এতে মেয়র পদে কালামের প্রতিদ্বন্দ্বী ছিলেন ৬ জন। রাতে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার নুরুল হক ফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থিত প্রার্থী আবুল কালাম টেলিভিশন প্রতীকে ১২ হাজার ৮৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শওকত আলম তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৪৭ ভোট।
নয় ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৮ জন এবং তিন মহিলা কাউন্সিলর পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ী কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে এস এম মিজানুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে সিরাজুল হক, ৩ নম্বরে আরিফ উদ্দিন জুয়েল, ৪ নম্বরে সুনীল চন্দ্র ঘোষ, ৫ নম্বর ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু, ৬ নম্বরে সোলায়মান বাবুল, ৭ নম্বরে মাহমুদুল হক, ৮ নম্বরে নজরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডে মুজিবুর রহমান।
সংরক্ষিত আসনে নির্বাচিত তিন মহিলা কাউন্সিলর হলেন- রেহানা আক্তার, জোবায়দা বেগম ও শামীম আরা।
