পাবনার কলেজছাত্রের সন্ধান ৬ মাসেও মেলেনি
অপহরণের ছয় মাসেও পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এনামুল হক সানী ওরফে মিশুকের খোঁজ মেলেনি।
সানীর স্বজনদের অভিযোগ, গ্রেপ্তার কয়েকজন স্বীকারোক্তি দেয়ার পরও পুলিশ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে।
অপহরণকারীদের কাছে বিকাশের মাধ্যমে কয়েক দফায় টাকা পাঠানো হয় বলেও জানান স্বজনরা।
মামলার নথি থেকে জানা যায়, পাবনা সদর থানার গয়েশপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নানের ছেলে ও পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এনামুল হক সানী ওরফে মিশুক গত বছরের ১৬ নভেম্বর পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পেথে মিশুক অপহরেণের শিকার হয়।
পরদিন অপহরণকারীরা মিশুকের মোবাইল ফোন থেকে তার ভাই আব্দুল মতিনের মোবাইলে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে, “তোর ভাইকে সুস্থ অবস্থায় ফিরে পেতে হলে পুলিশকে না জানিয়ে দ্রুত ঈশ্বরদী রেলওয়ের প্লাটফর্মে টাকা নিয়ে চলে আয়।”
এ ব্যাপারে মিশুকের ভাই আব্দুল মতিন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা (নং ২৫ তাং ১৮-১১-১৩ ইং) দায়ের করেন। পরে এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।
এসআই ফজলে এলাহী গ্রেপ্তারদের বরাত দিয়ে আরো বলেন, পাবনা ক্যাডেট কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী আশরাফুল ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের নিকট থেকে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়। পরে চাকরি দিতে না পেরে সে ঋণগ্রস্ত হয়ে মিশুককে অপহরণ করে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী আশরাফুল ও সাইফুল মিলে মিশুককে অপহরণ করে রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাটে যায়। সেখানে দৌলতদিয়া পতিতা পল্লীতে যায় সবাই মিলে। ওই দিন বিকেলে মিশুককে সাথে নিয়ে নৌকাযোগে গোয়ালন্দ ঘাট থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যায়। সেখান থেকে তারা পরদিন সিরাজগঞ্জ রোডে গিয়ে রাত্রি যাপন করে।
এসআই ফজলে এলাহী আরো জানান, এরই মধ্যে মিশুককে ফেরত দেওয়ার কথা বলে তারা মিশুকের পরিবারের কাছ থেকে দফায় দফায় বিকাশের মাধ্যমে নগদ টাকা গ্রহণের কথাও স্বীকার করেন। পরে অপহরনকারীরা আর মিশুককে ফেরত দেয়নি।
এসআই ফজলে এলাহী চলতি বছরের ২১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন।
আসামিদের স্বীকারোক্তি সত্বেও চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।
ভিকটিমের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ ইচ্ছা করলেই সম্ভব ছিল অপহরণকারীদের খুঁজে বের করা। তারা অজ্ঞাত কারণে গাফিলতি করে মিশুককে উদ্ধার করতে ব্যর্থ হয়। বিভিন্ন সময়ে পুলিশ উভয়পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন তারা।
মিশুকের ভাই মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের সাপ্তাহখানেক পরে আবারো তারা ফোন দিয়ে মুক্তিপণের টাকা বিকাশে পাঠিয়ে বাঘাবাড়ি ব্রিজের উপর যেতে বলে। টাকা বিকাশে পাঠিয়ে দিয়ে তারা বাঘাবাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে আসেন।
অপহরণের পর থেকেই তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান মোক্তার।
এ প্রসঙ্গে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুল হক সানী এই কলেজের অটোমোবাইল বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল। চলতি বছরের তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কলেজের পক্ষ থেকে প্রশাসনের প্রতি দ্রুত সময়ের মধ্যে এই ছাত্রকে উদ্ধারের অনুরোধ করা হয়।
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি তদন্ত শেষে আদালতে পাঠানো হয়েছে। এখন আর তাদের কিছুই করার নেই।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজছাত্র এনামুল হক সানী ওরফে মিশুক অপহরণের বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তদন্ত কর্মকর্তার কছ থেকে জেনে বিস্তারিত বলতে পারব।”
