২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলে থেকেই আন্দোলনে সিলেটের শিক্ষানবিশ নার্সরা

কলেজ কর্তৃপক্ষের হল ত্যাগের নির্দেশ উপেক্ষা করে নার্সদের ওপর হামলায় জড়িত শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তি দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 12:31 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

বুধবার সকালে নার্সিং কলেজের সামনে কালোব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও রয়েছে তাদের।

এদিকে বেলা ১১ টায় নার্সদের একদল প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ কর্তৃপক্ষ।

এই হাসপাতালেই গত শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় এক শিক্ষানবিশ সেবক গুরুতর আহত হন। হামলায় তাদের আরো পাঁচ সহপাঠীও আহত হন।

এ ঘটনার পর ক্লাস-পরীক্ষা বর্জন, কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন পালন করে আসছে শিক্ষানবিশ নার্সরা। তাদের আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা ও চট্টগ্রামেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে হলে অবস্থান করেন।

সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, “সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক চলছে। আশা করছি সমস্যার সুষ্ঠু সমাধান হবে।”