মওদুদ মোশাররফ হাশেমের মামলা চলবে
বিএনপি নেতা মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন ও এম এ হাশেমের বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীর মামলা চলার পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেয়।
এর মধ্যে মামলা বাতিলে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মওদুদ ও মোশাররফ হোসেনের আবেদন খারিজ করেছিল হাই কোর্ট। তারা ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান, যেখানে তাদের আবেদন খারিজ হয়ে গেল।
খন্দকার মোশাররফ হোসেন
মওদুদ আহমদ
অন্যদিকে মামলা বাতিলে বিএনপির সাবেক সাংসদ ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের আবেদন মঞ্জুর করেছিল হাই কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল মঞ্জুর করল আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে মওদুদ, মোশাররফ ও হাশেমের মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করে দুদক।
এম এ হাশেম
সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদক ২০০৭ সালের ৩ জুলাই পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমকে চিঠি দেয়। পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৭ সালের ৫ ডিসেম্বর রমনা থানায় মামলা করে দুদক। পরের বছরের ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয়া হয়।
অন্যদিকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলাটি করে। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদকের আরেকটি মামলায় বর্তমানে কারাগারে আছেন বিএনপি-জামায়াত জোট আমলের মন্ত্রী খন্দকার মোশাররফ।
