নজরুলের শ্বশুরকে ‘হত্যার হুমকি’
হত্যার হুমকি পাচ্ছেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারায়ণগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম।
মঙ্গলবার রাতে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এই জিডি করেন বলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
জিডিতে শহীদুল বলেছেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টারের ভাতিজা নজরুল ও মনিরসহ তিনজন তাকে ফোন করে গুলি করে হত্যার হুমকি দিয়েছে।
এসআই মনির বলেছেন, তারা শহীদুলের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন।
নজরুলসহ সাত খুনের মামলার প্রধান আসামি পলাতক নূর হোসেনের সঙ্গে শ্রমিক লীগ নেতা মতিন মাস্টারের ছেলে আরিফুল হক হাসানের ঘনিষ্ঠতা ছিল বলে স্থানীয়রা জানায়।
সিদ্ধিরগঞ্জ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আরিফুলের নামেও দুটি অস্ত্রের লাইসেন্স ছিল, যা নূর হোসেনের অস্ত্রগুলোর সঙ্গে বাতিল করা হয়।
কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকার হত্যাকাণ্ডের পর র্যাবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারী শহীদুল এর আগেও হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, র্যাব তাকে হুমকি দিচ্ছে।
গত ১০ মে তদন্ত কমিটিতে সাক্ষ্য দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি শহীদুল ইসলাম
অন্যদিকে র্যাবের তিন কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানোয় মঙ্গলবারও বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
তারা র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদের শ্বশুর মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগও দাবি করেন।
আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “এখনো মামলার প্রধান আসামি নূর হোসেনসহ অন্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার র্যাবের তিন কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জামাই আদরে রাখা হয়েছে।”
তারেক সাঈদ মন্ত্রীর জামাতা হওয়ায় প্রভাব বিস্তার করছেন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।
