২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুবহান নিজে পিস্তল দিয়ে গুলি করে’

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 12:24 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

সাক্ষী কোরবান আলী বলেন, মুক্তিযুদ্ধের সময় ১৩ এপ্রিল পাবনার পাকশির যুক্তিতলা গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে হামলা চালান সুবহান। তিনি নিজে পিস্তল হাতে গ্রামবাসীদের ধরে এনে গুলি করেন এবং পাক সেনাদের গুলি করতে বলেন।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে সুবহান ও খোদাবক্স একশ’ পাকিস্তানি সেনা নিয়ে তাদের যুক্তিতলা গ্রামে আক্রমণ করে। পাকসেনারা গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দিতে শুরু করলে সবাই ভয়ে পালাতে থাকে।সেসময় তিনি নিজেও যুক্তিতলা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়েন।

এই সাক্ষী বলেন, “এর এক ঘণ্টা পর দেখতে পাই সুবহান ও পাক সেনারা কিছু লোককে ধরে যুক্তিতলা প্রাথমিক স্কুলের সামনে নিয়ে আসে। এর পর পরই দেখি, পাশের গ্রাম থেকে আমার চাচা তাইজুদ্দিন, চাচি টুলু খাতুন, চাচাত ভাই ইসরাইল (টুলু খাতুনের ছেলে), জয়েনউদ্দিন ডিলার ও তার মেয়ের জামাইকে সুবহান ও পাক আমির্রা ভ্যান থেকে নামাচ্ছে।

“এরপর সবাইকে এক লাইন দাঁড় করানো হয়। লাইন থেকে ইসরাইল ও হারেজউদ্দিন দৌড় দেয়, তখন সুবহান পিস্তল দিয়ে তাদের গুলি করে।”

সুবহানের গুলিতে ইসরাইল ঘটনাস্থলেই নিহত হয়। হারেজের পায়ে গুলি লেগে পড়ে গেলে সুবহানের নির্দেশে তাকে হত্যা করে পাকসেনারা।

কোরবান আলী বলেন, “লাইনে দাঁড়ানো অন্যদের সুবহান নিজে গুলি করার পাশাপাশি পাক আর্মিদেরও নির্দেশ দেয় গুলি করার জন্য।”

সবাইকে গুলি করার পর সুবহানসহ পাক আর্মিরা চলে গেলে ঘটনাস্থলে গিয়ে সাক্ষী কোরবান আলী দেখেন, টুলু খাতুন, ইসরাইল ও রুস্তম ছাড়া সবাই মারা গেছে। এই তিনজন আহতদের নিয়ে এরপর তিনি তরিকুল ডাক্তারের বাড়িতে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সাক্ষী আরো বলেন, এর একদিন পর তিনি বাড়িতে এসে দেখেন তার বাড়িঘরও পুড়িয়ে দেয়া হয়েছে, গ্রামের অনেক লোককে হত্যা করেছে হামলাকারীরা। প্রতিবেশী হারান ফকির, রাজ্জাক পাগল ও কেরুকে তখন দাফন করছিল গ্রামের লোকেরা।

এর কিছুদিন পর এপ্রিলের শেষের দিকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে সাক্ষী কোরবান আলী ভারতে চলে যান।

তার সাক্ষ্য শেষে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবী। পরে জেরা অসমাপ্ত রেখে বুধবার পর্যন্ত মামলার কাজ মুলতবি ঘোষণা করা হয়।