চাঁদপুরে মুক্তিযোদ্ধা খুন, কিশোর আটক
চাঁদপুরে সোমবার রাতে এক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার এক কিশোরকে আটক করা হয়েছে।
বিকালে সদর উপজেলার পশ্চিম সকদী গাজী বাড়ি থেকে উজ্জ্বল হোসেনকে (১৫) আটক করা হয়। ইসমাইল গাজীর ছেলে উজ্জ্বল শহরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
মুক্তিযোদ্ধা আব্দুল মালেক পাটওয়ারী ওরফে নান্নু (৬৫) জেলা শহরের কোড়ারিয়া এলাকার বাসিন্দা, যেখানে তিনি খুন হন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
তবে উজ্জলের মা আমেনা বেগম দাবি করেছেন, তার ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
উজ্জ্বলের বরাত দিয়ে তিনি বলেন, নান্নু পাটওয়ারীকে উজ্জ্বল নানা বলে ডাকত। মাঝেমধ্যে উজ্জ্বল তার বাড়িতে থাকে।
সোমবার রাতেও উজ্জ্বল তার বাসায় ছিল। রাতে ৫/৬ জন দুর্বৃত্ত নান্নুর ঘরে ঢুকে উজ্জ্বলকে মারধর করে একটা রুমে আটকে রাখে। নান্নু পাটওয়ারী রাত ১২টায় ঘরে এলে দুর্বৃত্তরা হাত-পা বেঁধে উজ্জ্বলকে ঘর থেকে বের করে দেয়।
“উজ্জ্বল কোনোভাবে বাঁধন খুলে রাত ১টায় নিজের বাড়ি এসে এসব কথা খুলে বললে আমরা নান্নু পাটোয়ারী খুন হয়েছেন বলে জানতে পারি,” বলেন আমেনা বেগম।
