কুমিল্লায় বাবার বিরুদ্ধে ছেলে হত্যার অভিযোগ
কুমিল্লার বুড়িচং উপজেলায় আট মাস বয়সী সন্তানকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার বুড়িচং থানায় নিহত তাহসিন ইসলামের মা সোনিয়া আক্তার বাদী হয়ে স্বামী শাকিল মিয়ার (৩২) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর কৈকরি গ্রামের আব্দুল মতিনের ছেলে শাকিল বুড়িচং উপজেলার শাহাদৌলতপুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করেন।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, নিহত শিশুর মা সোনিয়া আক্তার শাকিল মিয়ার দ্বিতীয় স্ত্রী।
স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল জানিয়ে তিনি বলেন, দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে।
ময়নাতদন্তের জন্য তাহসিনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে শাকিলকে আটক করা যায়নি।
সোনিয়া আক্তার জানান, সোমবার সন্ধ্যায় তাহসিনকে ডাক্তার দেখানোর নামে বাড়ি থেকে নিয়ে যায় শাকিল। এক ঘণ্টা পর বাড়ি এসে বলে ছেলেকে ডাক্তারের চেম্বারে রেখে এসেছে।
“পরে ক্যান্টনমেন্ট এলাকার একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই,” বলেন সোনিয়া।
তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান সোনিয়া।
সোনিয়ার দাবি, তাদের প্রথম সন্তান সিয়ামকেও তার দুই মাস বয়সে শাকিল হত্যা করে। সে সময় পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয় বলে মামলা হয়নি।
