যুবলীগকর্মী হত্যা মামলায় শামসুলকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
চট্টগ্রামের নগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামকে সাতকানিয়ার যুবলীগকর্মী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম মাসুদ পারভেজ সাতকানিয়া থানা পুলিশের এক আবেদনে এই নির্দেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা জানান, সাতকানিয়া থানার ওই হত্যা মামলায় শামসুল ইসলাম এজাহারনামীয় চার নম্বর আসামি।
“সাতকানিয়া থানার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন।”
গত ২ মার্চ সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে গুলিতে নিহত হন স্থানীয় যুবলীগকর্মী মো. হাসান (৩৫)।
ঘটনার দিন সাতকানিয়া থানার ওসি খালেদ হাসান জানিয়েছিলেন, ফুলতলা বাজারে স্থানীয় জামায়াতের বশর বাহিনীর সদস্যরা হাসানকে গুলি করে। পায়ে, মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাসান।
গত ১২ মে নগরীর সিরাজ উদ দৌলাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইনের দলীয় কার্যালয় থেকে শামসুল ইসলামসহ জামায়াতে ইসলামীর ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই দিন গভীর রাতে সন্ত্রাসবিরোধী আইনে নগরীর কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
