মানিকগঞ্জে বাসচাপায় রিকশা চালক নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন।
শিবালয় থানার ওসি মো. রকিবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে উপজেলার বরঙ্গাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সাত্তার (৩০) ঘিওর উপজেলার কালা চাঁদপুর গ্রামের পরেশ আলীর ছেলে।
ওসি মো. রকিবুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে সাত্তার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় রিকশার ওপর বসে ছিলেন। এ সময় পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬১৫৯) পেছন থেকে রিকশাটিকে চাপা দেয়। এতে সাত্তার ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
