নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলমের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি সোমবার বিকালে বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে অবহিত করেন।”
ময়মনসিংগের ত্রিশালে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে ৩৬০০ শিক্ষার্থী, ১০০ শিক্ষক ও ১২টি বিভাগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে বলে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে জাতীয় কবি নজরুলের ওপর ১০০ নম্বরের কোর্স পড়তে হয় বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
এসময় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের কাছে তুলে ধরেন এবং সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
